আন্তর্জাতিক
পুতিনের পরিবার বাঁচাতে হাই টেক বাংকারে অবস্থান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরিবারকে গোপন ও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছেন। রাশিয়ারই এক অধ্যাপক এ তথ্য দিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ভ্যালেরি সলোভে নামের একজন রুশ অধ্যাপক নিজের প্রকাশিত এক ভিডিওবার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন তার পরিবারের সদস্যদের বিশেষ এক সুরক্ষিত বাংকারে সরিয়ে ফেলেছেন। বাংকারটি সাইবেরিয়ার আলতাই পর্বতমালায় অবস্থিত।’
তিনি বলেন, ‘ভূগর্ভস্থ এই সুরক্ষিত বাংকারে আধুনিক শহরের মতোই সকল সুযোগ-সুবিধা রয়েছে। এটিকে ঠিক বাংকার বলা যায় না। প্রকৃতপক্ষে এটি একটি আন্ডারগ্রাউন্ড শহর, এখানে সকল ধরণের অত্যাধুনিক সব প্রযুক্তি আছে।’
তিনি আরও জানান, ‘চীন, মঙ্গোলিয়া এবং সাইবেরিয়ার সীমান্তবর্তী আলতাই প্রজাতন্ত্রের ওংগুডেস্কি জেলায় প্রায় এক দশক আগে বাংকারটি নির্মাণ করা হয়েছিলো।
ইউক্রেনের সাথে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়ে ভ্যালেরি সলোভে দাবি করেন, ‘পারমাণবিক যুদ্ধের সময় ব্যবহারের জন্য মাটির নিচে বিলাসবহুল এই হাইটেক বাংকারের নকশা করা হয়। আশা করি এ থেকে আপনারা কিছুর আভাস পেয়েছেন। কেন পুতিন তার পরিবারকে বাংকারে পাঠাবেন?’
এর আগে নিজের এক টেলিগ্রাম পোস্টে এই অধ্যাপক বলেছিলেন, ভ্লাদিমির পুতিন শারীরিক ও মানসিক রোগে ভুগছেন। সুস্থতার আশায় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়গুর সঙ্গে আধ্যাত্মিক সাধনাতেও অংশ নিয়েছেন তিনি।



