কমিউনিটি
দ্বিবার্ষিক নির্বাচনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন যাত্রা, শীর্ষ পদে তারেক-আকরাম-হান্নান

গত রবিবার, ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সভাপতি মুহাম্মদ জুবায়ের এবারের নির্বাচনে অংশ না নেওয়া এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদের সাধারণ সম্পাদক পদে পরাজয়ের মধ্য দিয়ে ক্লাবটি পায় নতুন নেতৃত্ব।
বৃটেনে বাংলা মিডিয়ার ৩৩ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনে ১৬৮ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তারেক চৌধুরী, যিনি বাংলা পোস্ট-এর সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলা ইউকে’র হেড অব নিউজ সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।
জেনারেল সেক্রেটারি পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার মো. আকরামুল হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলা পোস্টের সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।
ট্রেজারার পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন টু-এ নিউজের সম্পাদক মো. আব্দুল হান্নান। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।

নির্বাচনে অংশ নেওয়া তারেক–আকরাম–শাহনাজ প্যানেল থেকে ৮ জন, সাঈম–সালেহ–হান্নান প্যানেল থেকে ৬ জন এবং ভাইস প্রেসিডেন্ট পদে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।
পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেনুতে অনুষ্ঠিত এই নির্বাচনে ক্লাবের ৩৩৫ জন সদস্যের মধ্যে ৩২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ—একটি ব্যতিক্রমী উপস্থিতি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো. আকরামুল হোসেন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ঐতিহ্য, মর্যাদা ও পেশাদারিত্ব আরও সমুন্নত রাখতে তারা নিরলসভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে তারা সংগঠনের সকল সদস্যের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা প্রত্যাশা করেন।
কে পেলেন কত ভোট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন তাইসির মাহমুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পান ১৫১ ভোট।
ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোটে বিজয়ী হন।
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ পান ১৮২ ভোট।
জয়েন্ট ট্রেজারার পদে মো. এখলাছুর রহমান পাককু পান ১৭৭ ভোট।
অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন পান ১৬৬ ভোট।
মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ এবং ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে রুপি আমিন প্রত্যেকে ১৯০ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া ২০১ ভোট পেয়ে ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হন মো. সরওয়ার হোসেন। অন্যান্য নির্বাচিত এক্সিকিউটিভ সদস্যরা হলেন সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ বাংলাদেশি বিচারক বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন শাহগির বখত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।
এজিএম ও সাংস্কৃতিক আয়োজন
নির্বাচনের আগে দুপুরে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তার মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, দায়িত্ব নেওয়া যেমন কঠিন, তেমনি দায়িত্বে থাকা আরও কঠিন। ভবিষ্যৎ নেতৃত্ব সংগঠনকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ তার প্রতিবেদনে অনলাইন মেম্বারশিপ চালু ও দেশব্যাপী ২০টি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তনকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন। বিদায়ী ট্রেজারার সালেহ আহমদ জানান, ক্লাবের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ লাখ ২১ হাজার পাউন্ড।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লাইফ মেম্বার রিসিপশন, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আপসানা বেগম। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি গুরুত্বপূর্ণ সংগঠন উল্লেখ করে সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ইম্প্রেশন ইভেন্টস ভেনু পরিণত হয় সাংবাদিকদের এক বর্ণাঢ্য মিলনমেলায়, যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।



