বাংলাদেশ
ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা হবে:

পলি রাহমান:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানেন ভয় ও চাপের মধ্যে বসবাস করলে মানুষ কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। বিশেষ করে গণমাধ্যমকর্মীরা যদি সবসময় নজরদারির মধ্যে কাজ করতে বাধ্য হন, তাহলে তা তাদের পেশাগত স্বাধীনতার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমস্যাগুলো যেহেতু জানা আছে, তাই বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার উদ্যোগ নেবে। “আমরা বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ,” যোগ করেন তিনি।



