পলি রাহমান লন্ডন ডেস্ক:
প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে লন্ডন বাংলাদেশ সেন্টারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এভারগ্রিন কমিউনিটি’ নামে নতুন একটি প্রবীণ কল্যাণমূলক কর্মসূচি।
২৭ সেপ্টেম্বর রোববার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লন্ডনের ১০১ ক্রিস্চিয়ান স্ট্রিটে অবস্থিত চিলড্রেন এডুকেশন সেন্টারে এ কর্মসূচির উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। ওয়ান্ডার সংস্থার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণদের স্বাস্থ্য, গতিশীলতা ও স্বাবলম্বিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহ-জালাল সরকার, লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এর সহযোগী অধ্যাপক এবং কুইন স্কয়ার ইনস্টিটিউট অব নিউরোলজির গবেষক। তিনি প্রবীণদের শারীরিক গতিশীলতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা, সক্রিয় জীবনযাপন এবং স্বাবলম্বিতা বজায় রাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সফল আয়োজনের পেছনে যারা
কর্মসূচির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন লন্ডন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া। বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এক বার্তায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি বিশেষভাবে স্বাস্থ্য ও প্রবীণ কল্যাণ উপকমিটির আহ্বায়ক জামাল মিয়া, আবদুল হাই, সিনিয়র প্রথম সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আহ্বায়ক মামুন রশীদ, যুগ্ম সম্পাদক আমিনুল হক জিল্লু এবং ড. সানোয়ার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তোফাজ্জল মিয়া বলেন, তাদের সময়, শ্রম ও আন্তরিক প্রচেষ্টার কারণেই কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবীণদের জন্য সুস্বাদু মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

লন্ডন বাংলাদেশ সেন্টার জানিয়েছে, ‘এভারগ্রিন কমিউনিটি’ কর্মসূচির আওতায় ভবিষ্যতে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম, সুস্থতা বিষয়ক আলোচনা এবং সামাজিক মিলনমেলার আয়োজন করা হবে।
প্রবীণদের সুস্থ, সক্রিয় ও প্রাণবন্ত জীবনযাপনে সহায়তা করার পাশাপাশি তাদের সামাজিকভাবে আরও সম্পৃক্ত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ উদ্যোগে ভবিষ্যতে কমিউনিটির আরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেছে লন্ডন বাংলাদেশ সেন্টার।




















