নতুন নেতৃত্বে মোহাম্মদ মকিস মনসুর, আশরাফ মিয়া ও হেলেন ইসলাম
পলি রাহমান লন্ডন ডেস্ক:
বিপুল উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও প্রবাসী সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬। সম্মেলনে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মোহাম্মদ মকিস মনসুরকে প্রেসিডেন্ট, আশরাফ মিয়াকে জেনারেল সেক্রেটারি এবং হেলেন ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে।
গত ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৪০০ ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ, আঞ্চলিক ও শাখা কমিটির প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া সংগঠনের ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে প্রধান তিন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ মকিস মনসুর (প্রেসিডেন্ট), আশরাফ মিয়া (জেনারেল সেক্রেটারি) এবং হেলেন ইসলাম (ট্রেজারার)।
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী সিলেটি খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি পরিণত হয় প্রবাসে সিলেটবাসীর এক প্রাণবন্ত মিলনমেলায়।

সম্মেলনে বক্তারা সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর ফ্লাইট চালু, বিমানভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিরসন ও যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খানসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ।
নতুন দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর চারজনের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাজ্যের যে প্রান্তেই আমরা বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে কমিউনিটি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
সম্মেলনে আগত অতিথিরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দূর-দূরান্ত পাড়ি দিয়ে যাঁরা সম্মেলনে অংশ নিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বৃহত্তর সিলেট কমিউনিটির মানুষকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তাঁরা আরও বলেন, কমিউনিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সম্মেলন প্রবাসী সিলেটবাসীর জন্য একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।





















