কমিউনিটি
নারীর ক্ষমতায়নে কাজ করছে উইমেন ফর উইমেন রাইটস, ইফতার বিতরণ অনুষ্ঠিত

পলি রাহমান, লন্ডন:
নারীর ক্ষমতায়ন ও মানবিক সহায়তার লক্ষ্য নিয়ে কাজ করা সামাজিক সংগঠন উইমেন ফর উইমেন রাইটস নগরীতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত নারীরা অংশ নেন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সামিয়া বেগম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আমাতা মাসুমা। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাদের মূল লক্ষ্য। নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে সামিয়া বেগম চৌধুরী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও তাদের পিছিয়ে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, সংগঠনটি চায় নারীরা শুধু সহায়তা গ্রহণকারী নয়, বরং নেতৃত্বের অবস্থানে পৌঁছাক। তার মতে, ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কেবল সহায়তা নয়—এটি সহমর্মিতা, একতা ও সম্মিলিত অগ্রযাত্রার প্রতীক।
তিনি আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের বিত্তবানদের অসহায় নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক আমাতা মাসুমা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, রমজান উপলক্ষে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।


