সিলেট

লিভার-কিডনি প্রতিস্থাপনের সংগ্রাম নিয়ে কাউসার চৌধুরীর বই ‘দ্বিতীয় জীবনের গল্প’ প্রকাশ

পলি রাহমান,

সাংবাদিক কাউসার চৌধুরীর জীবনসংগ্রাম ও চিকিৎসা অভিজ্ঞতা নিয়ে রচিত গ্রন্থ “দ্বিতীয় জীবনের গল্প”-এর প্রকাশনা অনুষ্ঠান সিলেট নগরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠিন রোগ ও ব্যয়বহুল চিকিৎসাকে জয় করে নতুন জীবন ফিরে পাওয়ার গল্প সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

গত সোমবার বিকেলে সিলেট নগরের সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা উন নবী বলেন, মানুষের শরীরের একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। সেখানে সাংবাদিক কাউসার চৌধুরী একসঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনযাপন করছেন, যা সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং দেশ-বিদেশের মানুষের সহযোগিতার কারণেই এত ব্যয়বহুল চিকিৎসা সম্ভব হয়েছে। কাউসার চৌধুরীর প্রতি মানুষের যে মানবিক সহমর্মিতা দেখা গেছে, তা বিরল দৃষ্টান্ত।

লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এমজেএম পাবলিশার্স ইউকের চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী এবং দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন।

অনুষ্ঠানে বইয়ের লেখক সাংবাদিক কাউসার চৌধুরী নিজের অনুভূতি প্রকাশ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল।

এছাড়া বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লিভার ও কিডনি প্রতিস্থাপনের অভিজ্ঞতা নিয়ে লেখা সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসাভিত্তিক গ্রন্থ “দ্বিতীয় জীবনের গল্প” সম্প্রতি ইংল্যান্ডভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান এমজেএম পাবলিশার্স ইউকে থেকে প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close