বাংলাদেশ

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

পলি রাহমান:

রমজানে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে নতুন সরকারের বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এলডিসি গ্র্যাজুয়েশন ডিফার করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া শুরু হয়েছে।

সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিসে এসে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য যা যা প্রয়োজন, সবই করবে। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করা হয়েছে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যোগাযোগ দ্রুত এগিয়ে নেওয়া হবে।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে সরকার এলডিসি উত্তরণ পেছানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রথম সপ্তাহেই প্রয়োজনীয় চিঠি প্রেরণের কাজ শুরু হয়েছে।

রপ্তানির সাম্প্রতিক নিম্নগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনও সংকীর্ণ। মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল। আমরা চাই রপ্তানিতে বৈচিত্র্য আনতে, নতুন পণ্য অন্তর্ভুক্ত করতে এবং নতুন বাজার সম্প্রসারণে জোর দিতে।” তিনি বেসরকারি খাতকে ব্যবসা ও বিনিয়োগে এগিয়ে আসতে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close