বাংলাদেশ

রমজানে ১০ লাখ পরিবার পাবে সুলভ দামে দুধ, ডিম ও মাংস: প্রতিমন্ত্রী টুকু

পলি রাহমান:

রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। ইতোমধ্যে রাজধানীর উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

তিনি জানান, এই উদ্যোগ পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরেও সম্প্রসারণ করা হবে।

সরকার নির্ধারিত দামে প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এ উদ্যোগের ফলে বাজারে নিত্যপণ্যের দামও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মামুন হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেবেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close