অন্যান্যবাংলাদেশ

ভাতা ব্যবস্থায় নতুন পরিবর্তন, ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড 

পলি রাহমান:

ফ্যামিলি কার্ড ৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের জন্য উপযুক্ত নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা। প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি বিভাগের একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এ কর্মসূচি চালু করা হবে।

এছাড়া নারীদের জন্য বিদ্যমান কোনো সামাজিক কর্মসূচিকে এ কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা, তা পর্যালোচনা করবে কমিটি। সুবিধাভোগীদের সঠিক তথ্যভান্ডার তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে সমন্বয় করে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করা হবে।

সরকার আসন্ন ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে প্রশাসনিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের সুবিধা

নতুন এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ডের আওতায় আর্থিক সহায়তার পরিমাণ বিদ্যমান বিভিন্ন সামাজিক ভাতার তুলনায় বেশি হতে পারে। পরিবারের নারী সদস্যের কাছে সরাসরি অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার হবে। পাশাপাশি নিয়মিত সহায়তা পাওয়ায় আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ সহজ হবে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close