লন্ডন, ১ জুলাই:

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে লন্ডনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় রায়ের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয় এবং ইনুর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট হারুনুর রশীদ দাবি করেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক। তিনি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এ ধরনের বিচার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছে। তাঁর দাবি, মামলায় উত্থাপিত বেশ কয়েকটি অভিযোগ আদালতের রায়ে প্রমাণিত হয়নি। একই সঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট সময়ে হাসানুল হক ইনু কোনো মন্ত্রী, সংসদ সদস্য বা রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্বে ছিলেন না এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও তাঁর কোনো নিয়ন্ত্রণ ছিল না।
অ্যাডভোকেট হারুনুর রশীদ দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন, বিভিন্ন রাষ্ট্র, সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু মুস্তফা, সৈয়দ আবুল মনসুর লিলু, আলাউদ্দিন আহমদ মুক্তা, রেদওয়ান খান, এমরান আহমদ, কামরান আহমদ, সৈয়দা বিলকিস মনসুর এবং যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম।
বক্তারা তাদের বক্তব্যে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেন এবং তাঁর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এছাড়া সভায় বক্তব্য দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর সেলিম উল্লাহ, কলামিস্ট নুর মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির ইউরোপীয় ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি নেতা জামাল খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, শেখ দবীর, সৈয়দ গোলাব আলী, আব্দুস সাত্তার, হাজী জিলু খান, তানভির হোসেন (বিএসএস, ইউকে), আজাদ মিয়া, আব্দুল করিম নাদিম, নাহিদ হোসেন, নুসরাত জাহান মৈত্রীসহ আরও অনেকে।
বার্তা প্রেরক: সৈয়দ আবুল মনসুর লিলু, সাধারণ সম্পাদক, জাসদ, যুক্তরাজ্য।






















