‘আগে যাচাই, পরে প্রকাশ’—তথ্যের সত্যতা নিশ্চিত না করে এআইয়ের তথ্য ব্যবহারে সাংবাদিকদের ঝুঁকির বিষয়ে সতর্ক করলেন অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ
পলি রাহমান লন্ডন ডেস্ক:
১০ নভেম্বর ২০২৬: আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে লন্ডনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আয়োজিত এ সেমিনারে সাংবাদিকতায় এআই ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাই ও পেশাগত দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‘বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনা করেন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিয়মিত বার্ষিক সাংস্কৃতিক আয়োজন ‘এ সিজন অব বাংলা ড্রামা’র সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যসহ বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।
আলোচনায় অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের এই সময়ে সাংবাদিকদের এ প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের পাশাপাশি এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি সতর্ক করে বলেন, এআইয়ের দেওয়া তথ্যকে যাচাই ছাড়াই সত্য হিসেবে গ্রহণ করা সাংবাদিকতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এআই থেকে পাওয়া কোনো তথ্য প্রকাশের আগে মূল সূত্র যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং প্রয়োজনে একাধিক নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি সাংবাদিকদের জন্য এআই ব্যবহারের ২০টি ব্যবহারিক ও নিরাপদ অভ্যাস তুলে ধরেন।সেমিনারে ‘আগে যাচাই, পরে প্রকাশ’—এই নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে আরও সহজ, দ্রুত ও বহুমাত্রিক করে তুললেও এর ব্যবহার হতে হবে দক্ষতা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে।
আলোচনায় আরও বলা হয়, যাচাইবিহীন তথ্য কিংবা সামান্য একটি ভুল সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক বা সংবাদমাধ্যমের দীর্ঘদিনের অর্জিত বিশ্বাসযোগ্যতা মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সাংবাদিকতার মৌলিক নীতি, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করা যাবে না।
সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তরপর্বে অংশগ্রহণকারী সাংবাদিকেরা গণমাধ্যমে এআইয়ের ব্যবহার, এর সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন। অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়ের উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি আকরামুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার আবদুল হান্নান, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং এক্সিকিউটিভ মেম্বার এনাম চৌধুরী।





















