৩৫ বছরের বেশি সময় ধরে তৃণমূল ফুটবলের উন্নয়ন ও কমিউনিটি সেবায় অবদানের স্বীকৃতি | প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে অর্জন করেছেন ন্যাশনাল স্যার ববি মুর অ্যাওয়ার্ড
পলি রাহমান লন্ডন ডেস্ক:
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির গর্ব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খানকে বিশেষ সংবর্ধনা দিয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং কমিউনিটি উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) দুপুরে পশ্চিম লন্ডনের নটিং হিল গেট সংলগ্ন ২৪ পেমব্রিজ গার্ডেনসে বাংলাদেশ সেন্টারের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ সেন্টারের প্রথম ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের প্যাট্রন ও প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি বেলায়েত হোসেন, প্যাট্রন শগির বখত ফারুক এবং প্যাট্রন হেলাল উদ্দিন আব্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ARTA ও Chefonline-এর প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ মুনিম সালিক, বাংলাদেশ সেন্টারের উপদেষ্টা সদস্য কাউন্সিলর পারভেজ আহমেদ, সাবেক স্পিকার খালিস উদ্দিন ও আহবাব হোসেন।অনুষ্ঠানে বক্তব্য দেন ড. শাহনূর খান, আনোয়ার আলী, জাকির হোসেন, সরোয়ার আহাদ, আব্দুল হাই, জামাল মিয়া, জুবায়ের আহমেদ, ফজর আলী, হাফসা নূর, মরিয়ম রহমান পলি, স্মৃতি আজাদ, মিসবাহ জামাল, এম এ মতিন, মাহমুদ হাসান মিতু এবং ধনঞ্জয় পাল।
বক্তারা তাঁদের বক্তব্যে ড. জাকির খানের দীর্ঘ কর্মজীবন, নেতৃত্ব, ক্রীড়া সংগঠনে তাঁর অবদান এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রিটেনে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং বহুজাতিক তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।পেশাগত জীবনেও ড. জাকির খান রেখেছেন উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর।

তিনি লন্ডনের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এছাড়া বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকে এবং স্পোর্টিং বেঙ্গল ইউনাইটেডের প্রতিষ্ঠাতা হিসেবে ব্রিটিশ-বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণদের মূলধারার ফুটবলে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।তাঁর দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আগস্টে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) তাঁকে মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল স্যার ববি মুর অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত করে।

প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে এ সম্মাননা অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি গোটা ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্যও এক গৌরবের অর্জন। এর আগে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য ড. জাকির খানের কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস। তাঁর অর্জন প্রমাণ করে, নিষ্ঠা, নেতৃত্ব ও দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরেও নিজস্ব পরিচিতি ও সম্মান প্রতিষ্ঠা করা সম্ভব।
ড. জাকির খানের কর্মময় জীবনের স্বীকৃতি এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে তাঁর অবদানকে সম্মান জানাতেই বাংলাদেশ সেন্টার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে ড. জাকির খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও কমিউনিটি সেবার ধারাবাহিক সাফল্য কামনা করেন।





















