কমিউনিটি
টাওয়ার হ্যামলেটসে নতুন বাজেট পাস: হাউজিং, সোশ্যাল কেয়ার ও জীবনযাত্রার সহায়তায় বড় বিনিয়োগ
ফস্টার কেয়ারারদের কাউন্সিল ট্যাক্স মওকুফ, ফ্রি হোমকেয়ার অব্যাহত, নতুন ঘর নির্মাণে শত মিলিয়ন পাউন্ড বরাদ্দ

২৬ ফেব্রুয়ারি ২০২৬,
পূর্ব লন্ডনের Tower Hamlets Council নতুন তিন বছরের বাজেট অনুমোদন করেছে, যেখানে আবাসন সংকট মোকাবিলা, প্রাপ্তবয়স্ক সামাজিক সেবা সম্প্রসারণ এবং জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় বাসিন্দাদের সহায়তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফুল কাউন্সিল সভায় অনুমোদিত এই বাজেটে হাউজিং, সোশ্যাল কেয়ার, শিক্ষা, পরিবেশ এবং জনস্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বাজেটের প্রধান সিদ্ধান্তগুলো
ফস্টার কেয়ারারদের জন্য ১০০% কাউন্সিল ট্যাক্স মওকুফ (৭৮০,০০০ পাউন্ড বরাদ্দ)
এডাল্ট সোশ্যাল কেয়ারে বাড়তি চাহিদা পূরণে ২২.৫ মিলিয়ন পাউন্ড
আয় নির্বিশেষে ইউনিভার্সেল ফ্রি হোমকেয়ার চালু রাখা
১ লাখ ২৪ হাজার ফ্ল্যাটে খাদ্য বর্জ্য সংগ্রহ সেবা সম্প্রসারণে ২.৫৮ মিলিয়ন পাউন্ড
হোম স্কুলিং সহায়তায় ৪৫৩,০০০ পাউন্ড
ভাড়া বৃদ্ধিতে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন রেন্ট হার্ডশিপ ফান্ড
প্রাইমারি ও সেকেন্ডারি পর্যায়ে ফ্রি স্কুল মিলস অব্যাহত
কাউন্সিলের রিজার্ভে ফেরত যাবে ৫০ মিলিয়ন পাউন্ড
আবাসন সংকট মোকাবেলায় বড় বিনিয়োগ
নতুন বাজেটে আগামী পাঁচ বছরে কাউন্সিল মালিকানাধীন বাড়িঘরের উন্নয়নে অতিরিক্ত ১০০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। এতে মোট বিনিয়োগ দাঁড়াবে ৩৪৫ মিলিয়ন পাউন্ড, যা দীর্ঘমেয়াদে আবাসন সম্পদের উন্নয়নে সহায়তা করবে।
কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী মে ২০২৬ সালের মধ্যে ৪,০০০টি নতুন সাশ্রয়ী ও সামাজিক ভাড়ার বাসা নির্মাণ করা হবে। পাশাপাশি মেয়রের এক্সেলারেটেড হাউজিং প্রোগ্রামের আওতায় আরও ৩,৩৩২টি নতুন ঘর তৈরির সুযোগ সৃষ্টি হবে।
টেম্পোরারি হাউজিং ব্যয় ৪৪% বৃদ্ধি পাওয়ায় বাড়তি চাহিদা মোকাবেলায় ৪৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
শিশু ও তরুণদের জন্য নতুন সহায়তা
বারার শিশু ও তরুণদের জন্য বেশ কিছু উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে:
২০টি ‘Young Tower Hamlets’ ইয়ুথ সেন্টার চালু রাখা
শিক্ষা সহায়তায় EMA ও বিশ্ববিদ্যালয় অনুদান পুনরায় চালু
শিক্ষার্থীদের জন্য £৬০০ EMA এবং £১,৫০০ বিশ্ববিদ্যালয় অনুদান
স্কুল ইউনিফর্ম সহায়তায় বার্ষিক তহবিল অব্যাহত
সর্বজনীন ফ্রি স্কুল মিলস কর্মসূচি চালু রাখা
প্রাপ্তবয়স্ক সামাজিক সেবায় অতিরিক্ত বরাদ্দ
বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সহায়তায় এডাল্ট সোশ্যাল কেয়ারে ২২.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে ‘Meals on Wheels’ সেবা এবং বিনামূল্যে হোমকেয়ার কর্মসূচি চালু থাকবে।
কাউন্সিল জানায়, প্রয়োজন নির্ধারণের ভিত্তিতে আয় নির্বিশেষে বিনামূল্যে হোমকেয়ার প্রদানকারী দেশের মাত্র দ্বিতীয় স্থানীয় কর্তৃপক্ষ এটি।
পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা
রিসাইক্লিং বাড়ানোর লক্ষ্যে ১ লাখ ২৪ হাজার ফ্ল্যাটে সাপ্তাহিক খাদ্য বর্জ্য সংগ্রহ সেবা সম্প্রসারণ করা হবে। ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে টাওয়ার হ্যামলেটসে এটি একটি বড় পরিবেশগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য ও লেইজার সুবিধা সম্প্রসারণ
ফ্রি সুইমিং সুবিধা এখন ৩৫ বছরের বেশি বয়সী পুরুষদের জন্যও সম্প্রসারণ করা হবে। এছাড়া হোয়াইটচ্যাপেল ও মাইল এন্ড লেজার সেন্টারের জিম রাত ২টা পর্যন্ত খোলা রাখার পাইলট কর্মসূচি চালুর প্রস্তাব রয়েছে।
মেয়রের প্রতিক্রিয়া
এক্সিকিউটিভ মেয়র Lutfur Rahman বলেন,
“দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ফ্রন্টলাইন সার্ভিসে নজিরবিহীন বিনিয়োগ করতে পেরেছি। আবাসন সংকট মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় সহায়তা এবং সামাজিক সেবাকে আমরা অগ্রাধিকার দিয়েছি।”
তিনি আরও বলেন, নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম অব্যাহত থাকবে এবং সবচেয়ে দরিদ্র পরিবারগুলোকে কাউন্সিল ট্যাক্স দিতে হবে না।
ভারসাম্যপূর্ণ বাজেট ও আর্থিক পরিকল্পনা
২০২৬–২৭ অর্থবছরের জন্য ৪৯৭.৭৯৭ মিলিয়ন পাউন্ডের জেনারেল ফান্ড বাজেট অনুমোদন করা হয়েছে। আগামী তিন বছরে কাউন্সিলের রিজার্ভ ৫০ মিলিয়ন পাউন্ড বাড়বে বলে আশা করা হচ্ছে।
কাউন্সিল জানিয়েছে, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ৬.৪২ মিলিয়ন পাউন্ড সাশ্রয় অর্জন করা হয়েছে।



