বৃটেন

সেবা বৃদ্ধি ও ঋণমুক্তির লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনা নিল ইস্ট লন্ডন মসজিদ

পলি রাহমান, লন্ডন:

লন্ডন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬: ইস্ট লন্ডন মসজিদ–এর সেবার পরিধি বৃদ্ধি এবং আর্থিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় তরুণ সমাজকে মসজিদমুখী করা, নারীদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণ, নিউ মুসলিমদের দীর্ঘমেয়াদি সহায়তা, বয়স্ক নারী-পুরুষের সেবা এবং রিফিউজি সার্ভিসকে অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এই পরিকল্পনার কথা তুলে ধরে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মসজিদের সিইও জুনায়েদ আহমদ–এর সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ এবং সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা। রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ আব্দুল মালিক।

অনুষ্ঠানের শুরুতে মিশর থেকে আগত তারাবিহর ইমাম হাফিজ মুয়তাজ আল ঘানাম পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

পাঁচ বছরের পরিকল্পনার লক্ষ্য–

ড. আব্দুল হাই মুর্শেদ জানান, আপাতত নতুন কোনো প্রকল্প শুরু করার পরিকল্পনা নেই। বর্তমান লক্ষ্য হলো বিদ্যমান সেবাগুলো সম্প্রসারণ এবং ঋণ পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা।

তিনি বলেন, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ও মসজিদকে ঋণমুক্ত করতে বিশেষ ফান্ডরেইজিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে—

বছরে ৫০০ পাউন্ড দান করে ‘খাদিম’ হওয়ার সুযোগ

১,০০০ পাউন্ড দান করে আল-হামরা ডোনার ওয়ালে নিজের বা প্রিয়জনের নাম সংরক্ষণ

প্রতিদিন ১ পাউন্ড দানের লক্ষ্যে মাসিক ন্যূনতম ৩০ পাউন্ডের স্ট্যান্ডিং অর্ডার চালুর আহ্বান

লাইভ ফান্ডরেইজিং অ্যাপিল–

তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার চ্যানেল এস টিভি–তে ইস্ট লন্ডন মসজিদের বিশেষ লাইভ ফান্ডরেইজিং অ্যাপিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ফজর পর্যন্ত চলমান এই অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

মসজিদ কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়িত হলে কমিউনিটি সেবা আরও শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানটি আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে পৌঁছাবে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close