বৃটেন
সাপ্তাহিক ‘দেশ’-এর ১২ বছর পূর্তি উদযাপন
কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার ভূমিকা অপরিসীম : এমপি আপসানা বেগম*

লন্ডনে উৎসবমুখর পরিবেশে ব্রিটেনের শীর্ষস্থানীয় বাংলা সংবাদপত্র সাপ্তাহিক দেশ-এর ১২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম বলেন, “কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার অবদান অপরিসীম। বাংলা সংবাদমাধ্যম টিকিয়ে রাখতে কমিউনিটিকেই এগিয়ে আসতে হবে।” তিনি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সাপ্তাহিক দেশ-এর সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্তা সম্পাদক ফয়সল মাহমুদ ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার।
বক্তারা প্রিন্ট মিডিয়ার সংকটকালেও টানা ১২ বছর সফলভাবে সাপ্তাহিক দেশ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং বাংলা মিডিয়াকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “কমিউনিটির মানুষের ভালোবাসাই আমাদের টিকে থাকার শক্তি। আমরা মূলধারার বাইরে থাকা কমিউনিটির মানুষের গল্প তুলে ধরি।” তিনি জানান, সাপ্তাহিক দেশ এখন প্রিন্টের পাশাপাশি অনলাইন, সোশ্যাল মিডিয়া ও দেশ অনলাইন টিভি-র মাধ্যমে নিয়মিত সংবাদ পরিবেশন করছে।
অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে সাপ্তাহিক দেশ-এর ১২ বছর পূর্তি উদযাপন করা হয়।



