বাংলাদেশ
রূপগঞ্জের অগিকাণ্ডে নিহত শ্রমিকদের লাশ হস্তান্তর শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে।
বুধবার বেলা পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে লাশ হস্তান্তর শুরু হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ফরেনসিক রিপোর্টে ৪৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে, বাকি ২১ জনের লাশ আগামী শনিবার হস্তান্তর করা হবে।
বুধবার সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে স্বজনদের ভিড় বাড়তে থাকে। লাশ বুঝে পেলেও স্বজনদের কষ্ট প্রিয় মুখগুলো আর দেখে চেনার উপায় নেই। তারপরও লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন‑ এটাই যেন সান্ত্বনা।
জানা গেছে, আগুনে পুড়ে লাশ বিকৃত হওয়ার তথ্য সকল স্বজনদের জানানো হয়েছে। মর্গ থেকেই লাশ সৎকারের সকল ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। বাড়িতে কেবল দাফন হবে। দাফনের জন্য স্বজনদের সরকারের পক্ষ থেকে টাকাও দেওয়া হয়েছে।
উল্ল্যেখ, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটি গঠন হয়।
এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ওই দিনই আটজনকে গ্রেফতার করা হয়।



